মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০১:১৪ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জমি জবরদখলের চেষ্টায় এক হিন্দু পরিবারকে হয়রানির অভিযোগে উঠেছে। গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী সুমন রায়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ৭ লাখ টাকা দিয়ে পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর এলাকায় মশিউর রহমানের কাছ থেকে এক দশমিক ২৫ শতাংশ জমি কিনে ঘর

 বানিয়ে সপরিবারে নিয়ে বসবাস করে আসছেন। স্থানীয় প্রভাবশালী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খয়রাত আলীসহ একটি চক্র ওই জমি জবরদখল করার চেষ্টা করে আসছে। এ বছর ১৭ ফেব্রুয়ারি খয়রাত তার বাড়িতে আগুন দিলে চারটি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও জমি দখল করার জন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে। প্রভাবশালী চক্রটি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা ৫ লাখ টাকার চাঁদাও দাবি করেছে।

এ বিষয়ে সুমন রায় ঠাকুরগাঁও পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পীরগঞ্জ থানা, উপজেলা নির্বাহী অফিসার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। প্রভাবশালী চক্রটির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। তার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান।

তবে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ অস্বীকার করে খয়রাত আলী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি রাস্তার পাশে যেটুকু জায়গা ভোগ করছি তা জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়েছি।’ অভিযোগের বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম রায়হান শাহ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমার নজরে আসেনি। বিষয়টি জেনে পরে আপনাকে জানানো হবে।’ তবে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ‘সুমন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত