আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:৫২ এএম

আসন্ন আমের মৌসুমে আমে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ঠেকাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার আমবাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ফলের বাজার, আড়তে রাসায়নিক মেশানো বন্ধ ও তা নজরদারি করতে সংশ্লিষ্ট জেলার প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে টিম গঠন করে পরিদর্শনের নির্দেশ দিয়েছে আদালত।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে করা এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে

গতকাল মঙ্গলবার শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ থেকে এসব নির্দেশনা আসে।

আবেদনকারী পক্ষের আইনজীবী বলেছেন, হাইকোর্টের এ আদেশের ফলে আসন্ন ফলের মৌসুমকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা আমসহ অন্যান্য ফলে রাসায়নিকের ব্যবহার থেকে বিরত থাকবে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল ইসলাম।   

মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে জানান, আমসহ মৌসুমি ফলে শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধ করতে এইচআরপিবির করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি রায় ছিল। সামনে আমের মৌসুমে রাসায়নিকের ব্যবহার বন্ধে গত রোববার হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত এসব নির্দেশ দিয়েছেন।  

তিনি বলেন, ‘রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের যেসব জেলায় আমবাগান রয়েছে, সেখানে যাতে অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করতে না পারে সে জন্য পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইকে ফলের বাজার ও আড়ত মনিটরিংয়ে টিম গঠনের নির্দেশ দিয়েছে আদালত। মনিটরিং টিমে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।’ তিনি জানান, আগামী এক মাসের মধ্যে প্রতিটি মনিটরিং টিম হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত