ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে নিহত ৩

বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর মামলা খারিজ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০২:২২ এএম

হরিপুরের বহরমপুরে গরু জব্দ করা নিয়ে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে তিন গ্রামবাসী নিহত ও ১৪ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে দায়ের পৃথক তিনটি হত্যা মামলা খারিজ করে দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক আরিফুর রহমান এ রায় দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম। তিনি বলেন, ‘মামলার বাদীরা (গ্রামবাসী) ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব। আশা করি গ্রামবাসী ন্যায়বিচার পাবে।’

গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুরে ভারতীয় সন্দেহে গরু জব্দ করা নিয়ে বিজিবির গুলিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়নুল, সাদেক ও নবাব মারা যায়। গুলিবিদ্ধ হন আরও ১৪ জন। সংঘর্ষে বিজিবির পাঁচ সদস্য আহত হন। এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি নিহত তিন পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তন্ময় কুমার সাহা। এর আগের দিন ১৩ ফেব্রুয়ারি রাতে নিহত দুই ব্যক্তিসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও দেড়শ ব্যক্তির বিরুদ্ধে হরিপুর থানায় পৃথক দুটি মামলা করেন ৫০ বিজিবির নায়েব সুবেদার জিয়াউর রহমান। মামলা দুটি তদন্ত করছে পুলিশ। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি বিজিবির সাত সদস্যকে বিবাদী করে নিহত নবাবের বাবা নুরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নুলের বাবা নুর ইসলাম পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জেলা প্রশাসন, বিজিবির সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করলেও এখনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত