‘লিপস্টিক’ নামের নতুন এক উপন্যাস নিয়ে কাজ করছি

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১১:১৮ পিএম

জনপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানু। লেখালেখিও করেন নিয়মিত। এখন অভিনয়ের চেয়ে লেখালেখি নিয়েই বেশি ব্যস্ত তিনি। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

অভিনয়ে নেই...

এখন একদমই অভিনয় করছি না। একটু বুঝেশুনে পা বাড়াতে চাচ্ছি। আমি খেয়াল করে দেখেছি আমরা যারা অনেক দিন ধরে অভিনয় করে করে একটু হলেও অভিজ্ঞতা অর্জন করেছি, তাদের বেশিরভাগ শিল্পীই প্রায় বেকার বলা যায়। যারা একেবারে গৎবাঁধা চরিত্রে কাজ করতে পারছে তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা একটু বেছে ভালো চরিত্রগুলো করতে চাই তাদের হাতে কোনো কাজ নেই। এজন্য দুটি বিষয়কে সমস্যা মনে হচ্ছে। প্রথমত, অল্পবয়সী নায়ক-নায়িকা নিয়েই নাটক হচ্ছে বেশি। ফলে তরুণ বা একদম নতুনদের নিয়েই কাজ করতে বেশি আগ্রহী নির্মাতারা। আর দ্বিতীয় কারণটি হলো অনেক বেশি অপশন এসে গেছে নির্মাতাদের হাতে। একজন শিল্পী না করলে তারা ১০ জন শিল্পী সহজেই পেয়ে যাচ্ছেন।

ধারাবাহিক ‘সোনার খাঁচা’

সাধারণত কমেডি নাটকে দর্শককে জোর করে হাসানোর চেষ্টা করা হয়। তবে এ নাটকটি কিছুটা হলেও আলাদা ঘরানার। গল্পের প্রয়োজনে ‘সোনার খাঁচা’তে হাস্যরসের মাধ্যমে পারিবারিক অন্তঃকলহকে তুলে ধরা হয়েছে। লেখক বৃন্দাবন দাস ও নির্মাতা সাগর জাহান আরোপিত উপায়ে দর্শক হাসানোর চেষ্টা করেননি। নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে। এতে আমার অভিনীত চরিত্রের নাম ‘নিয়তি’। চ্যালেঞ্জিং চরিত্রটি দর্শক দারুণ উপভোগ করছে। এরই মধ্যে নাটকের অনেক পর্ব প্রচার হয়েছে। এতে আমি টিপিক্যাল হিন্দু বউয়ের চরিত্রে অভিনয় করেছি। শুচিবায়ু স্বভাবের। সব সময় স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকে। নাটকে আমি পাবনার ভাষায় সংলাপ বলেছি।

‘মিস্টার বাংলাদেশে’র পর নতুন সিনেমা

বেশ কিছুদিন ধরেই নতুন একটি ছবিতে কাজের কথাবার্তা চলছে। গল্প নিয়ে একবার বসেছি। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সবকিছু ঠিক হলে শিগগিরই নতুন ছবির ব্যাপারে সুখবর দিতে পারব। এর বাইরে খিজির হায়াত খানের পরিচালনায় ‘নার্কোস ঢাকা’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা চলছে।

লেখালেখি...

এখন লেখালেখি নিয়েই ব্যস্ত আছি। ‘লিপস্টিক’ নামে নতুন একটি উপন্যাস নিয়ে ব্যস্ত সময় পার করছি। আগামী বইমেলায় প্রকাশ করার ইচ্ছা আছে। এটি নারীর সংগ্রামের গল্প, আবার অন্যদিকে পুরুষেরও গল্প। যেসব নরপশুর কারণে নারীরা সম্মান হারাচ্ছেন, সেই সব পুরুষের বিরুদ্ধে উপন্যাসটি প্রতিবাদের সুর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত