রাজধানীর দক্ষিণখানে চতুর্থ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক পল্লীচিকিৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার রাতে জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁ উপজেলায় মেঘনা শিল্পাঞ্চলে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
রাজধানীর দক্ষিণখানে চতুর্থ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পল্লীচিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা করেছেন। গতকাল পর্যন্ত ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
দক্ষিণখান থানার ওসি শফিকুল গনি সাবু দেশ রূপান্তরকে বলেন, ‘মেয়েটির বাবার করা ধর্ষণ মামলায় পল্লীচিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
গত ২৩ এপ্রিল ওই মাদ্রাসাছাত্রীর হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শনিবার দুপুরে ওই মাদ্রাসাছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষিত : সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, সাদ্দাম হোসেন (২৪) নামে এক যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ওই স্কুলছাত্রীকে। গত ১৩ এপ্রিল বিকেল ৫টার দিকে মেয়েটি পার্শ্ববর্তী সহিদুল ইসলামের ছেলে রুহুল কুদ্দুসের বাড়িতে টেলিভিশন দেখাকালে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় রুহুল কুদ্দুসের স্ত্রী রান্নাঘরে থাকার সুযোগে লম্পট সাদ্দাম ওই বাড়িতে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে তার বাবা-মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন। গ্রাম্য সালিশে সমাধান করতে না পারায় শনিবার রাতে কলারোয়া থানায় সাদ্দাম হোসেনকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
চবি ছাত্রীকে যৌন হয়রানি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পার্শ¦বর্তী একটি বাড়িতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাসার দারোয়ান আবুল কাশেমকে (৬০) আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের হেলালউদ্দিন চৌধুরী পাড়া থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানা একটি অভিযোগ করেন।
এদিকে অভিযোগ তুলে নিতে অভিযুক্ত দারোয়ানের পরিবার, বাসার মালিক মো. ফরিদ ও এক পুলিশ সদস্য নানাভাবে চাপ প্রয়োগ করছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। গতকাল রবিবার দুপুরে এ প্রতিবেদকের কাছে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ওই বাসায় ভাড়ায় থাকা এক ছাত্রীর অভিভাবক ছাত্রীদের যৌন হয়রানির কথা উল্লেখ করে একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর পুলিশ শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের হেলালউদ্দিন চৌধুরী পাড়া থেকে ওই দারোয়ানকে আটক করে। রাত সাড়ে ১২টার দিকে যৌন হয়রানির শিকার এক ছাত্রী হাটহাজারী থানায় গিয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন।
হাটহাজারী থানার ওসি বেলালউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর দেশ রূপান্তরকে বলেন, ফেইসবুকে ঘটনাটি জানার পর আমরা খোঁজখবর নিয়ে অভিযুক্ত দারোয়ানকে আটক করি। এসব বিষয়ে পুলিশ খুবই তৎপর।
সোনারগাঁয়ে নারী শ্রমিককে ধর্ষণ : সোনারগাঁ উপজেলায় মেঘনা শিল্পাঞ্চলে বিয়ের প্রলোভনে শিল্প কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। মনির মোল্লা নামে একই প্রতিষ্ঠানের শ্রমিকের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ধর্ষিতা। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে।
ধর্ষিতার মা মামলার এজাহারে উল্লেখ করেন, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের মোমেন ঈগলু কোম্পানিতে তার মেয়ে ও পাবনা জেলার সাঁথিয়া থানার নাক ডেমরা গ্রামের কামাল হোসেনের ছেলে মনির মোল্লা কাজ করত। কাজের সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মনিরকে বিয়ের কথা বললে সে টালবাহানা শুরু করে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়ার পর ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
