অনিয়মের অভিযোগ

ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৪২ এএম

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। গতকাল সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে লেখা শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি ভিকারুননিসার গভর্নিং বডির চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত স্কুলের গভর্নিং বডিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, নিয়োগে অনিয়মের অভিযোগটি তদন্তপূর্বক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে।

একই কর্মকর্তার সই করা অপর এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে এ নিয়োগের অনিয়মের পুরো ঘটনা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে অভিভাবকদের ও গভর্নিং বডির কয়েক সদস্যের করা পৃথক দুটি অভিযোগও জুড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডি একটি নিয়োগ কমিটি গঠন করে। কমিটিতে গভর্নিং বডির সদস্য আতাউর রহমান, মাউশির পরিচালক (কলেজ) অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস আরাও ছিলেন। ২৬ এপ্রিল সকালে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়।

এরপর গত রবিবার নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া কয়েক প্রার্থী ও অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক দুটি অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, বিপুল অর্থের বিনিময়ে ভিকারুননিসার ম্যানেজিং কমিটির কয়েক সদস্য আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রুমানা শাহীন শেফাকে নিয়োগ দিতে অপকৌশলের আশ্রয় নিয়েছেন। লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে শেফা মাত্র সাড়ে ৩ পেলেও তার নম্বর বাড়িয়ে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিতে চূড়ান্ত করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগ কার্যক্রমটি স্থগিত করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত