রামগঞ্জে পোলট্রি খামারে আগুন

৭ হাজার মুরগি ছাই

আপডেট : ০৮ মে ২০১৯, ১০:৪০ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউধেরখিল গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে নোহা পোলট্রি ফার্মে অগ্নিকাণ্ডে সাত হাজার সোনালি জাতের মুরগিসহ খামারে রাখা মোরগের খাবার ও ফার্মশেড পুড়ে ছাই হয়ে গেছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই খামারের টিনশেড ফার্ম, সাত হাজার মোরগ ও মুরগির খাবারসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ফার্মের মালিক মানিক মিয়া।

তিনি বলেন, ‘এত দ্রুত হাজার হাজার মুরগি আগুনে পুড়ে মারা যেতে পারে না। ধারণা করছি, দুষ্কৃতকারীরা পেট্রল ঢেলে আগুন দিয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে।’

ফার্মের মালিক জানান, ধারদেনা করে ৭২ শতাংশ জায়গা ১০ বছরের চুক্তিতে ইজারা নিয়ে নোহা পোলট্রি ফার্ম নামে ব্রয়লার মুরগির খামার স্থাপন করেন। প্রায় সাত হাজার সোনালি জাতের ৪৫ দিন বয়সী মোরগ ছিল ফার্মে।

তিনি আরও জানান, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ফার্ম থেকে আমি নিজ বসতঘরে ফিরে আসি। রাত ২টার দিকে রামগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক জহির উদ্দিন ও টহল পুলিশের একটি দল সুধারামপুর এলাকা দিয়ে যাওয়ার সময় আমার ফার্মে আগুন দেখে রামগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আমিও বাড়ি থেকে ছুটে যাই ফার্মে।’

রামগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ মোতালেব হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অন্য কোনো মাধ্যম থেকে আগুনের সূত্রপাত কি না, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত