কিংস ও দুই আবাহনীর জয়

আপডেট : ১০ মে ২০১৯, ১২:২৭ এএম

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে শক্তিশালী দলগুলোর জয় দিয়ে। গতকাল শীর্ষে থাকা দুই দল বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড নিজ নিজ ম্যাচে পেয়েছে অনায়াস জয়। নীলফামারীতে বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাবকে। আর নোয়াখালীতে স্বাগতিক নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। গোপালগঞ্জে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। সিলেটে অন্য ম্যাচে পিছিয়ে থেকে ২-১ গোলে আরামবাগকে হারিয়েছে শেখ রাসেল। স্বাগতিক রাসেলের হয়ে শেষ মুহূর্তে গোল দুটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোইন। এর আগে আরামবাগকে এগিয়ে দেন জাহিদ হোসেন।

যদিও জামালকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ৩৬ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়াসের বক্সের ওপর থেকে ভলি এগিয়ে নেয় কিংসকে। ৫২ মিনিটে গোল হজম করতে হয় স্বাগতিকদের। সলোমন কিংয়ের বাড়ানো বল জালে জড়িয়ে দেন গাম্বিয়ান স্ট্রাইকার এমিল স্যাম্বু। যদিও লিড পুনরুদ্ধারে সময় নেয়নি কিংস। ৫ মিনিট পর ইমন বাবুর চিপে হেড করে ২-১ করে মতিন মিয়া। আর ৬৩ মিনিটে কোস্টারিকান প্লেমেকার দানিয়েল কলিনদ্রেসের পাসে নিজের দ্বিতীয় গোল করে দলের ১২তম জয় নিশ্চিত করেন মতিন। ১৩ ম্যাচে দলটির সংগ্রহ ৩৭ পয়েন্ট। আর শেখ জামাল আটে থাকছে ১৪ পয়েন্ট নিয়ে।

কিংসের চেয়ে ৪ পয়েন্ট পেছনে থাকা আবাহনীও পেয়েছে সহজ জয়। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে সানডে চিজোবা ও নাবীব নেওয়াজ জীবনের গোলে টানা পঞ্চম জয়ের দেখা পায় আকাশি-নীলরা। ম্যাচের পঞ্চম মিনিটে আবাহনীকে এগিয়ে নেন ছন্দে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। এ নিয়ে তার গোলসংখ্যা সর্বোচ্চ ১০টি। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর জীবন। ১৩ ম্যাচে অষ্টম হারে নোফেল ১০-এ থাকছে আগের ৯ পয়েন্ট নিয়ে। ১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে আবাহনী দ্বিতীয় স্থানেই

থাকছে ৩৩ পয়েন্ট নিয়ে।

ওদিকে গোপালগঞ্জে গাম্বিয়ান স্ট্রাইকার মোমোদু বায়ের জোড়া গোলে মুক্তিযোদ্ধার বিপক্ষে বড় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। দলটির নতুন রিক্রুট এনকোচা কিংসলে ও দিদারুল ইসলাম একটি করে গোল করেন। মুক্তিযোদ্ধার হয়ে একমাত্র গোলটি করেন জাপানিজ স্ট্রাইকার ইউসুকে কাতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত