রাজপুত্রকে ‘শিম্পাঞ্জি’ বলে টুইট চাকরি গেল বিবিসি সাংবাদিকের

আপডেট : ১১ মে ২০১৯, ০২:৪৫ এএম

প্রিন্স হ্যারি ও মেগানের সদ্যোজাত সন্তানকে ‘শিম্পাঞ্জি’ বলে বিদ্রপ করায় চাকরি গেল এক ব্রিটিশ রেডিও উপস্থাপকের। ড্যানি বেকার নামে বিবিসির ওই সাংবাদিক সুট-টাই পরা এক শিম্পাঞ্জির ছবি দিয়ে টুইট করেছিলেন। সেখানে তিনি ওই ছবি দেখিয়ে বলেন, ‘রাজপুত্র হাসপাতাল ছাড়ছে।’

বিবিসি জানায়, ‘ড্যানির টুইট একটি মারাত্মক ভুল ছিল। এটা আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করি সেই মূল্যবোধের পরিপন্থী।’    তারা জানায়, ‘ড্যানি একজন দারুণ সাংবাদিক। তবে তিনি আর আমাদের সঙ্গে সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন না।’

গত ৬ মে সোমবার ভোরে ব্রিটেনের রাজপরিবারের কনিষ্ঠতম সদস্যের জন্ম হয়। প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম সন্তান আর্চি হ্যারিসন। আর রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে তাদের সন্তান আছেন সাত নম্বরে। মেগানের বাবা টমাস শ্বেতাঙ্গ আমেরিকান। মা গ্লরিয়া অ্যাফ্রো-আমেরিকান। তাই ব্রিটিশ রাজপরিবারে এই প্রথম মিশ্র-জাতি ও বর্ণের সন্তানের জন্ম হলো।

শিশুটি হাসপাতাল ছাড়ার পর ড্যানি বেকার নিজের টুইটার অ্যাকাউন্টে ওই পোস্ট করেন। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলে ক্ষমা চান তিনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। চাকরি হারাতে হয় তাকে, কারণ তার টুইটের খবর চলে যায় বিবিসি কর্র্তৃপক্ষের কাছে। নিজের চাকরি হারানোর খবরটিও টুইট করেন ড্যানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত