দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপডেট : ১২ মে ২০১৯, ০৩:০১ এএম

দক্ষিণ আফ্রিকার নিউক্যাসলে জয়নাল আবেদীন (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকের এ ঘটনা গতকাল শনিবার নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। নিহতের মামা দুদু মল্লিক জানান,  এইচএসসি পাস করে ১০ বছর আগে জয়নাল দক্ষিণ আফ্রিকা যায়। নিউক্যাসল শহরে তার মুদির দোকান ছিল। দোকানের পাশেই একটি কন্টেইনারে থাকত সে। বুধবার রাতে কাজ সেরে জয়নাল ঘুমিয়ে পড়ে। পরে রাত ১টার দিকে কেউ ডাকাডাকি করলে সে জানালা খুলে উঁকি দেয়। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন সকালে প্রতিবেশী এক বাঙালি যুবক জয়নালের বাড়িতে খবর দেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পরিচিত লোকজনই টাকার লোভে জয়নালকে খুন করেছে। কারণ বুধবার বিকেলে জয়নাল বাড়িতে ফোন করে জানান যে, সে ওখান থেকে কানাডায় যাবে। এজন্য ২০ লাখ টাকা রেখেছে। তার একটি গাড়িও ছিল। কানাডা যাওয়ার আগে দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেবে। আগামী ঈদে তার বাড়ি আসার কথা ছিল।

এদিকে আজ রবিবার লাশ দেশে আসার কথা রয়েছে বলে জানান নিহতের আরেক মামা অ্যাডভোকেট মালেক আদনান। তিনি বলেন, চার ভাই এক বোনের মধ্যে জয়নাল ছিল দ্বিতীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত