ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইট ১৬০ কেন : হাইকোর্ট

আপডেট : ১৫ মে ২০১৯, ০২:৫৫ এএম

আবাসিক হোটেলগুলোতে ভোগ্যপণ্যের নিয়ন্ত্রণহীন মূল্যে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। ভোক্তা অধিকার আইনে করা একটি মামলার বিরুদ্ধে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রিট আবেদনের শুনানির সময় গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এমন ক্ষোভ প্রকাশ করে। আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৯ মে পরবর্তী দিন ধার্য করে। উচ্চ আদালত বলে, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান ১৬০ টাকা রাখা হচ্ছে। ভবিষ্যতে এ দাম আরও বাড়ানোও হতে পারে। কিন্তু এ নিয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এ ক্ষেত্রে ভোক্তার অধিকার বা সুরক্ষা কোথায়? সরকার কীভাবে ভোক্তার অধিকার রক্ষা করবে?’

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। হোটেল ইন্টারকন্টিনেন্টালের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। হাইকোর্ট এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত শুনতে চায়। একই সঙ্গে আদালত রিটকারী আইনজীবীকে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বিষয়টির ওপর মতামত নেওয়ার পরামর্শ দেয়। হাইকোর্ট বলে, ভোক্তার অধিকারের বিষয়ে সুনির্দিষ্ট সমাধান দরকার।

সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান চারগুণ বেশি ১৬০ টাকায় বিক্রি করায় এ বিষয়ে প্রতিকার চেয়ে এক ভোক্তা মামলা দায়ের করেন। এই মামলা থেকে রেহাই পেতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পক্ষে একটি রিট আবেদন করা হয়। গত ৫ মে রিটের শুনানিতে হাইকোর্ট বলে, ‘কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত