এসএসসি ও সমমানের পরীক্ষা

ফল নিয়ে অসন্তোষ দুই লাখ শিক্ষার্থীর সাড়ে ৩ লাখ আবেদন

আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:০৪ এএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে সারা দেশে প্রায় দুই লাখ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে। পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে এটি রেকর্ডসংখ্যক আবেদন বলে জানা গেছে। গতকাল বুধবার সব বোর্ডের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ১০ বোর্ডে এসব শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে।

বোর্ডগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বোর্ডে ৫৮ হাজার ৭০, বরিশালে ৮ হাজার ৪৮০, চট্টগ্রামে ১৯ হাজার ১৮৩টি, দিনাজপুরে ১২ হাজার ৫৪০, রাজশাহীতে ১৫ হাজার ১৭৩, সিলেটে ১০ হাজার ৫৪১টি, মাদ্রাসায় ১১ হাজার ৭৪৫ এবং অন্যান্য বোর্ডসহ মোট ১০টি বোর্ডের খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে প্রায় দুই লাখ শিক্ষার্থী।

অন্যদিকে এসব শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী একাধিক বিষয়ে ফল চ্যালেঞ্জ করেছে। ফলে মোট আবেদনের সংখ্যা পৌঁছে গেছে ৩ লাখ ৬৯ হাজার ৯১১টিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ১০ বোর্ডে ফলাফল চ্যালেঞ্জ করা ১ লাখ ৯৩ হাজার ৯১৯ ছাত্রছাত্রীর মধ্যে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজসহ দেশসেরা বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীও আছে। বেশিরভাগের আবেদন পড়েছে ইংরেজি-গণিত বিষয়ে। আছে ধর্মও। ১২টি পত্রের মধ্যে এভাবে শিক্ষার্থীর সর্বনিম্ন দুটি থেকে সর্বোচ্চ চার-পাঁচটি পত্র চ্যালেঞ্জ করার রেকর্ডও রয়েছে। ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পড়েছে গণিতে। দ্বিতীয় অবস্থানে আছে ধর্ম আর তৃতীয় স্থানে ইংরেজি প্রথমপত্র।

বোর্ড কর্মকর্তারা জানান, খাতা পুনঃমূল্যায়ন নয়, বরং শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণ করা হয়। পাবলিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ক্ষেত্রে সবকটি উত্তরে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে (কম্পিউটারে ফল প্রণয়নে পাঠযোগ্য ফরম) উত্তোলনে ভুল হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট ঠিক আছে কি নাÑ এসব বিষয় দেখা হয়, তবে সেই খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না।

গত ৬ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পরদিনই শুরু হয় খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া। চলে ১৩ মে পর্যন্ত। আবেদনকারীরা ফল জানতে পারবে ২ জুনের মধ্যে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘বরাবরের মতো অনেক পরীক্ষার্থী নিজেদের ফলে সন্তুষ্ট না হয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে। নিয়ম অনুযায়ী এসব খাতা নতুনভাবে নিরীক্ষা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত