তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফিরবেন ঈদের পর

আপডেট : ১৭ মে ২০১৯, ০৪:০৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসের শেষ সপ্তাহে জাপান ও সৌদি আরব সফরে যাচ্ছেন। প্রথমে জাপান, তারপর সৌদি আরব সফর শেষে তৃতীয় আরও একটি দেশে সফরে যেতে পারেন তিনি। এই তিন দেশ সফর শেষে তিনি ঈদের পর দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথম দুটি দেশের সফরসূচি চূড়ান্ত হয়েছে। তৃতীয় দেশে সফর চূড়ান্ত করার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। তৃতীয় দেশের সফর চূড়ান্ত হলে ঈদের পর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪তম ওআইসি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব জানান, সৌদি বাদশাহর আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন শেখ হাসিনা। জুন মাসের শুরুতেই সৌদি আরবের মক্কায় ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাপানের টোকিওতে আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে কর্তৃপক্ষ। জাপানের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান নিকেই প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানের আয়োজন করছে। এতেই যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

নিকেইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ মে সকালে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা। এরপর একটি প্রশ্নোত্তরপর্বে অংশ নিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। একই দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও বক্তব্য দেবেন ওই অনুষ্ঠানে। পরদিন অন্য একটি অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ও জাপান ৪০তম ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স) প্যাকেজের জন্য আলোচনা করছে। এই প্যাকেজের আওতায় জাপান আমাদের ২২০ কোটি ডলার সহায়তা দেবে, যা মাতারবাড়ী বন্দর ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যবহার হবে। এছাড়া ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্টের একটি অংশ বাস্তবায়নেও এখান থেকে অর্থ ব্যয় করা হবে। তিনি বলেন, ২৯ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পরে আমরা এই বিষয়ে একটি চুক্তি সই করতে সমর্থ হব। পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আশা করা হচ্ছে সেখানে সাইডলাইনে তাদের কারও কারও সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। আরেকজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে আমরা জাপানের সহায়তা চাইব।

জাপান সফর শেষে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী। আগামী ৩১ মে সৌদি আরবে ওআইসি সামিট অনুষ্ঠিত হবে। ওই সামিটে যোগ দিতেই জাপান থেকে সৌদি আরব যাবেন শেখ হাসিনা। সেখানে মুসলিম বিশ্বের সংহতি কামনা করে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দেবেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তাও চাইবেন বলে সরকারের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন এবং মদিনা সফর করবেন। এছাড়া সৌদি আরব সফর শেষে ব্যক্তিগত সফরে আরেকটি দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে কোন দেশে যাচ্ছেন এই সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। একজন কর্মকর্তা বলেন,  ব্যক্তিগত সফর শেষে প্রধানমন্ত্রী ঈদের পর ঢাকা ফিরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত