সাংবাদিকদের আইনমন্ত্রী

বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় নির্বাহী বিভাগ সব সহযোগিতা দেবে

আপডেট : ১৯ মে ২০১৯, ০২:২৮ এএম

বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় নির্বাহী বিভাগ প্রয়োজনীয় সব সহযোগিতা  করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ব্রাহ্মণবাড়িয়ার ‘কসবা উপজেলা সমিতি’ আয়োজিত এক ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে

 আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করার জন্য যা করতে হয়, নির্বাহী বিভাগ সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা দেবে।’

বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দেওয়া বিবৃতি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট যেটা বলেছে, সেটা হলো, বিচারাধীন কোনো মামলা সম্পর্কে ব্যক্তিগত অভিমত দিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা যাবে না। বিচারাধীন বিষয়ে কোনো কথা না বললে বিচারকদের ওপর কিন্তু কোনো প্রভাব পড়ে না। সেজন্যই ওই বিবৃতি দেওয়া হয়েছে।’

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) যে রিপোর্ট করেন তা বন্ধ করতে ওই বিবৃতি দেওয়া হয়েছে এটি আমার মনে হয় না। যেটি তারা (সুপ্রিম কোর্ট) বলতে চেয়েছে, মামলাটি পেন্ডিং, বিচারকাজ শেষ হয়নি, এমতাবস্থায় বিচারকাজ নিয়ে রিপোর্ট করলে তা আদালতের ওপর প্রভাব ফেলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত