বাংলাদেশি পর্যটকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার জন্য মরিশাসকে আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। গতকাল শনিবার মরিশাসের পর্যটনমন্ত্রী অনিল কুমার গায়ানের সঙ্গে বৈঠকের সময় এ আহ্বান জানান তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পর্যটন উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর উদ্যোগ নিতেও আহ্বান জানান। মাহবুব আলী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সব বন্ধুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করছে। প্রতিমন্ত্রী এ সময় মরিশাসে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।
অনিল গায়ান বলেন, বাংলাদেশের পর্যটকদের অন-অ্যারাইভাল ভিসার সুযোগসহ অন্যান্য সব সুযোগ-সুবিধার বিষয়ে মরিশাসের সরকার আন্তরিক। তারা বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।
বৈঠকে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ ও মরিশাসের পর্যটন সচিবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা মরিশাসের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। মরিশাসে বিভিন্ন পোশাক কারখানায় প্রায় ২৪ হাজার বাংলাদেশি শ্রমিক এখন কাজ করছেন।
