ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুমকি ড. কামালের

আপডেট : ০৮ জুন ২০১৯, ০২:৪২ এএম

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করে আগামী ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুমকি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের বাসায় গণফোরাম নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ হুমকি দিয়ে তিনি বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে ফল আনতে হবে।

ঐক্যফ্রন্ট ছাড়ার বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনকে এক মাসের আল্টিমেটাম দিয়েছিলেন। এ সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। আরেক প্রশ্নের জবাবে ড. কামাল

           

হোসেন জানান, আগামী ১২ জুন ফ্রন্টের শরিক দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে নতুন নির্বাচনের দাবি আদায়ে রাজপথে নামার কর্মসূচি ঠিক করবেন তারা। 

ড. কামাল হোসেন বলেন, জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, এটা জনগণের জন্য মঙ্গল হবে। কিন্তু সরকার নির্বাচনকে ভয় পায়। সরকার নিজে থেকে নির্বাচন দেবে না, আন্দোলনের মাধ্যমে তা আদায় করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ আছে, কিন্তু তাদের সঠিক পথে এগিয়ে নিতে হবে।

সরকারের সমালোচনা করে ড. কামাল বলেন, সরকার অবৈধভাবে দেশ শাসন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তাই এ বছরের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে মাঠে নামতে হবে। আন্দোলনের গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে আন্দোলনের ফলাফল।

কামালের পাশে মন্টু : রাগ-অভিমান ভুলে ড. কামাল হোসেনের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গণফোরাম নির্বাহী কমিটির সদস্য মোস্তফা মহসিন মন্টু। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন গণফোরাম নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা বলেন, মন্টু ভাই রাগ-অভিমান ভুলে স্যারের বাসায় গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে। ঈদের আগে গত ২৮ এপ্রিল বিএনপির ইফতার মাহফিলে মন্টু ভাই যোগ দিয়েছিলেন। সেখানে গণফোরামের টেবিলেই বসে ইফতার করেছিলেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, কেন্দ্রীয় নেতা মহসিন রশিদ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত