ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারী-শিশু

পুনর্বাসন স্কিম গঠনে রুল হাইকোর্টের

আপডেট : ১২ জুন ২০১৯, ০২:২২ এএম

ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের পুনর্বাসনের জন্য অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ স্কিম (রূপরেখা প্রকল্প) প্রণয়ন করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে  হাইকোর্ট। পাশাপাশি কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার নার্স শাহিনুর আক্তার তানিয়া ও রাজশাহীর মোহনপুরে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করা নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রুল দেয়। সড়কে চলাচলকারী যানবাহন নজরদারিতে আনাসহ যৌন নিপীড়ন থেকে নারী ও শিশুদের নিরাপদ রাখতে এবং তাদের সুরক্ষা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ ১২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ধর্ষণের শিকার তানিয়া ও সুমাইয়ার মৃত্যুর ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষে গত ২৭ মে ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট আবেদনটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

গত ৬ মে রাতে কিশোরগঞ্জের বাজিতপুর রুটে চলাচলকারী স্বর্ণলতা পরিবহনের বাসে করে কটিয়াদীর লোহাজুড়ি ইউনিয়নের বাহেরচরে নিজের বাড়িতে ফিরছিলেন ঢাকার ইবনে সিনা হাসপাতালের নার্স শাহিনুর আক্তার তানিয়া। এ সময় তানিয়াকে ধর্ষণের পর বাস থেকে ফেলে হত্যা করে ওই বাসের চালক ও তার সহযোগীরা।

অন্যদিকে রাজশাহীর মোহনপুরে যৌন নির্যাতনের বিচার না পেয়ে গত ১৬ মে চিরকুট লিখে আত্মহত্যা করে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বর্ষা। স্থানীয় বখাটে মুকুল হোসেনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় এবং লাঞ্ছনা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় বর্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত