ছোট-বড় যেকোনো ব্যবসায় ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নির্দিষ্ট মেয়াদান্তে নবায়ন করতে হয় লাইসেন্স। এ সময় অন্যান্য ফির সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত করও দিতে হয় সিটি করপোরেশন ও পৌরসভায়। নতুন অর্থবছরে ট্রেড লাইসেন্স নবায়নে কর চার গুণ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপ বাড়বে।
নতুন অর্থবছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাড়াতে আয়কর অধ্যাদেশের ৫২কে ধারায় সংশোধন আনা হয়েছে অর্থ বিলে। এতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রতিটিতে তিন হাজার টাকা কর দিতে হবে। বর্তমানে এই দুই সিটির ব্যবসায়ীদের ৫০০ টাকা করে কর দিতে হয়। দেশের অন্য সিটি করপোরেশনভুক্ত এলাকা ও জেলা সদর পৌরসভার ক্ষেত্রে এখন ট্রেড লাইসেন্স নবায়নে ৩০০ টাকা কর দেওয়ার বিধান আছে। নতুন অর্থবছরে তা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া অন্য পৌরসভাগুলোতে ট্রেড লাইসেন্স নবায়নে বিদ্যমান ১০০ টাকার কর বাড়িয়ে ৫০০ টাকা করার কথা বলা হয়েছে।
