রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৫২৪ কোটি টাকার ইউরেনিয়াম কেনার চুক্তি

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:৪৮ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিউক্লিয়ার ফুয়েল তথা ইউরেনিয়াম কিনছে সরকার। বাংলাদেশ ও রাশিয়ার স্বাক্ষরিত চুক্তির আওতায় দেশটির নির্ধারিত ঠিকাদার টিভিইএল জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম কেনা হবে। এজন্য বাংলাদেশ টিভিইএল জয়েন্ট স্টক কোম্পানির সঙ্গে শিগগির চুক্তি করবে। প্রাথমিক চুক্তির ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৫২৩ কোটি ৯০ লাখ টাকা। এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল বুধবার কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘২০২৭ সাল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিউক্লিয়ার ফুয়েল রিলোড করা হবে। সে সময় এসব ইউরেনিয়াম প্রয়োজন হবে। এজন্য এখনই চুক্তি করতে হবে।

তিনি আরও বলেন, ‘২০২৭ সালে ইউরেনিয়ামের বাজার দর অনুযায়ী দাম কম কিংবা বেশি হতে পারে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রতি ১৮ মাস পরপর নিউক্লিয়ার ফুয়েল রিলোড করা হবে। এ ক্ষেত্রে নির্ধারিত ঠিকাদার টিভিইএল জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে ইউরেনিয়াম ক্রয় করবে সরকার।’

গত বছর ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২২ সালে। এ প্রকল্পের দুটি ইউনিট থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হবে ২৪০০ মেগাওয়াট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত