দিনাজপুরের মোহনপুরে আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে গিয়ে নিখোঁজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী তাসফির হোসাইনের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর গতকাল বুধবার সকাল ৮টার দিকে মোহনপুর সেতুর পাশে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তাসফিরের লাশ উদ্ধার করে দুপুরে ক্যাম্পাসে নিয়ে যায়।
নিহত তাসফির হাবিপ্রবির ১৭তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের হালি শহরে।
হাবিপ্রবির সহকারী প্রক্টর মাহবুব হোসেন দেশ রূপান্তরকে জানান, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে কয়েক বন্ধুর সঙ্গে সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মোহনপুর এলাকার আত্রাই নদীতে রাবার ড্যামে ঘুরতে যায় তাসফির। এ সময় গোসল করতে নেমে সাঁতার না জানা এবং পানির গতিবেগ বেশি থাকায় পানিতে তলিয়ে যান তিনি। তখন বন্ধুরা চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে ব্যর্থ হয়।
পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে তাসফিরকে উদ্ধারের জন্য অল্পসময়ের মধ্যে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ওই দলটিতে কোনো ডুবুরি না থাকায় তাকে খুঁজতে বিলম্ব হয়। পরে ওইদিনই রাত সাড়ে ৮টার দিকে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাসফিরের সন্ধান পায়নি।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল খেলার মাঠে তাসফিরের প্রথম জানাজা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে দুপুর ২টার দিকে তাসফিরের মরদেহ চট্টগ্রাম থেকে আসা তার চাচার কাছে হস্তান্তর করা হয়। তাকে চট্টগ্রামে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
