টানা ব্যর্থতায় সমালোচনার কেন্দ্রে পাকিস্তান দল। বিশেষ করে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানকে খাদের কিনারায় ফেলে দিয়েছে। সমালোচনার নানা দিকের মধ্যে পাকিস্তান দলের পুরনো বদনাম ‘গ্রুপিং’ও উঠে এসেছে। অনেক আগে থেকেই পাকিস্তান দলের মধ্যে বিভক্তির বাজে দুর্নাম আছে। সাম্প্রতিক সমালোচনায় সেটাই ফিরে এসেছে বলে রব উঠেছে। অবশ্য দলের অভিজ্ঞ তারকা মোহাম্মদ হাফিজ এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানান, দলে গ্রুপিং বলে কিছু নেই। ব্যর্থতা পুরো দলের।
পাকিস্তানের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে লর্ডসে। ২৩ জুনে ম্যাচ হলেও আগেভাগেই লর্ডসে উপস্থিত হাফিজরা। অনুশীলন সেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক। দলের মধ্যে গ্রুপিংসংক্রান্ত প্রশ্ন আসতেই চটে যান। পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘দল যখন জেতে ওই সময়ে এই প্রশ্নগুলো করেন না কেন? এখন দলের বাজে সময়ে আপনারা এসব প্রশ্ন রাখছেন। এটা সত্যিই বিরক্তিকর যে ক্রিকেটের এই আধুনিক যুগেও আপনারা এমন প্রশ্ন করেন।’
দলের ব্যর্থতার জন্য কোনো ক্রিকেটারের প্রতি ব্যক্তিগত আক্রমণের অভ্যাসকে পাল্টা সমালোচনা করেছেন হাফিজ। এছাড়া ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়টি যে দলীয় সিদ্ধান্ত সেটাও জানান, ‘সেদিন ফিল্ডিং নেওয়া দলীয় সিদ্ধান্ত ছিল। কোনো একজনের টুইটের ওপর ভিত্তি করে এটার সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা ভালো বোলিং করিনি বলে এমন কথা উঠছে, বোলিং ভালো হলে পরিস্থিতি ভিন্ন হতো। আর ক্রিকেট নিয়ে মন্তব্য করা আর কোনো ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করা আলাদা বিষয়। হারের কারণে কোনো ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কারোরই উচিত নয়।’
হাফিজের রুদ্রমূর্তি দ্বিতীয়বার একই প্রশ্নের উদয় হতে দেয়নি। তবে নিজেদের ব্যর্থতা ঠিকই স্বীকার করেছেন এ অলরাউন্ডার। আর এটা যে পুরো দলের তাও জানালেন, ‘এটা ঠিক আমরা গত কয়েক ম্যাচে ব্যর্থ হয়েছি। এটা কারও একার ওপর বর্তায় না। আমরা পুরো দল ব্যর্থ হয়েছি। এখনকার যুগে ক্রিকেট মানেই দলীয় খেলা, এখন আর কোনো একজন ম্যাচ জেতাতে পারে না। সব বিভাগ থেকে আপনাকে ইনপুট দিতে হয়। এজন্য কোনো একজনকে দোষ দিয়ে লাভ নেই। হারের জন্য সবাই দায়ী।’
তবে হাফিজের বিশ্বাস, তাদের সামনে এখনো সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হারের পরও ঘুরে দাঁড়ানোর কথা মনে করিয়ে দিলেন তিনি। এ আসরে ইংল্যান্ডকে হারানো একমাত্র দল তারা। ওই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে চলমান ব্যর্থতা কাটিয়ে সুসময়ে ফিরবেন বলে আশা রাখছেন হাফিজ, ‘এখনো সব শেষ হয়ে যায়নি। আমরা সামনের ম্যাচে নজর রাখছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য আমরা তৈরি। ভারত ম্যাচের পর আমরা ভালো সময় পেয়েছি। এই সময়ে ভুলগুলো কাটিয়ে পুনরায় শুরু করতে হবে।’
