ইবিতে ফের নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস দুই শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৯ জুন ২০১৯, ০২:১২ এএম

কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একটি অডিও ফাঁস হওয়ার পর নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই অডিও ফাঁসে জড়িত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার শিক্ষক নিয়োগ বোর্ডটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রুহুল আমিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিম। এর আগেও বিভাগের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হয়।

গতকাল শুক্রবার সকালে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, আগামীকাল (আজ) সিন্ডিকেট সভায় বিষয়টি তোলা হবে। একই সঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠন করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। যারা শিক্ষার নামে বাণিজ্য করতে চায় তাদের ঠাঁই হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত আছে, থাকবে।’

জানা যায়, গতকাল একটি জাতীয় দৈনিকে বিশ^বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্যের একটি অডিও ফাঁস হয়। এতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের ব্যাপারে একজন প্রার্থীর সঙ্গে বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রুহুল আমিন ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিমের দুটি কথোপকথন রয়েছে।

৮ মিনিট ৩৫ সেকেন্ডের ওই অডিও ক্লিপটিতে শিক্ষক নিয়োগে আরিফ হাসান নামের এক প্রার্থীর সঙ্গে ফোনে টাকা লেনদেনের বিষয়ে আলাপ করেন ওই দুই শিক্ষক। এ সময় প্রার্থীর সঙ্গে ১৮ লাখ টাকায় চুক্তি হয় তাদের। এর মধ্যে নিয়োগ নির্বাচনী বোর্ডের আগে ১০ লাখ এবং সিন্ডিকেটে চূড়ান্তভাবে নিয়োগ পেলে বাকি ৮ লাখ টাকা পরিশোধের বিষয়ে আলাপ হয় তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত