জামিনের জন্য ফের আবেদন ওসি মোয়াজ্জেমের

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:৪৯ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ফেনীর সোনাগাজী থানার বরখাস্ত হওয়া ওসি মোয়াজ্জেম হোসেন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের

বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ করে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামনুর রশীদ। মোয়াজ্জেমের পক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ ও সালমা সুলতানা। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী মো. মামনুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত জামিনের আবেদনটি গ্রহণ করে আগামী রবিবার শুনানির জন্য ধার্য রেখেছে।’ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি মোবাইলে ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১৬ জুন রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে এ মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন মোয়াজ্জেম।

সোনাগাজীতে স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতকে একই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগের প্রতিবাদ ও থানায় মামলা করলে নিপীড়নকারী ওই অধ্যক্ষ ও তার অনুসারীদের রোষানলে পড়েন নুসরাত। গত ৬ এপ্রিল সকালে ওই মাদ্রাসার সাইক্লোন শেল্টার ভবনের ছাদে নুসরাতের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী কয়েকজন। গুরুতর অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানে নুসরাত। এর আগে গত মার্চ মাসে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে সোনাগাজী থানায় শ্লীলতাহানির অভিযোগ করার পর ওসি মোয়াজ্জেম হোসেন নুসরাতকে থানায় ডেকে নিয়ে তার জবানবন্দি মোবাইলে ভিডিও করেন। এরপর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যা পিবিআইয়ের তদন্তেও উঠে এসেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত