কাদেরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:২১ এএম

‘যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরা আওয়ামী লীগে যোগ দিতে পারবে’ এ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে একটি সংগঠন। অন্যথায় তার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় বলেন, ‘নো, এ কথা আমি বলতে পারি না। আমি এটা বলিনি।’

গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমণ্ডি ৩/এ-তে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে গত ৩০ জুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরাও আওয়ামী লীগে যোগ দিতে পারবে, আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা প্রাধান্য পাবে, কোন পরিবারের সন্তান সেটা বিবেচ্য বিষয় নয়Ñ হোক সে জামায়াত কিংবা যুদ্ধাপরাধী পরিবারের সন্তান। স্বাধীনতার ৪৭ বছর পর এসে এসব বিষয় সামনে এনে রাজনৈতিক প্রতিবন্ধকতা হাস্যকর।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওবায়দুল কাদেরকে বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, ‘তার এই অসাধু, অসংলগ্ন ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্যের প্রতিবাদে আগামী ৬ জুলাই বিকেল ৫ ঘটিকায় শাহবাগে জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করার অপরাধে ওবায়দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হবে। প্রয়োজনবোধে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র শিখা চিরন্তন চত্বরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণআদালত গঠন করে তার বিচার করা হবে।’

এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য শুক্রবার (আজ) বিকেল সাড়ে ৫টায় ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সংগঠনের জরুরি সভা ডাকা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন ও যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাট প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত