ধর্ষকদের জামিনে কঠোর হওয়ার অনুরোধ আইনমন্ত্রীর

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০২:৩০ এএম

সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় জড়িতরা যেন উচ্চ আদালত থেকে জামিন না পায় সে বিষয়ে আইন সংশ্লিষ্টদের আরও মনোযোগী ও কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে গতকাল বুধবার জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারকদের নতুন গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ অনুরোধ করেন আইনমন্ত্রী।

নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে এবং এ ক্ষেত্রে তা প্রতিরোধে  কোনো উদ্যোগ আছে কি নাÑ এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এসব ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর বিজ্ঞ বিচারিক আদালতে এ ধরনের মামলাগুলো বিলম্বিত হয় না। আমি আশ্বস্ত করতে পারি এ ধরনের মামলার ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন (অভিযোগপত্র) পাওয়ার পর দ্রুততার সঙ্গে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারকাজ সম্পন্ন হবে। এখন উচ্চ আদালতের কথা বললে আমাকে বলতেই হয়, সেখানে এ পরিস্থিতিটা একটু ভিন্ন ধরনের। আমার কাছে অনেক তথ্য আছে, বিচারিক আদালতে সাজা হয়েছে বা অত্যন্ত সংবেদনশীল  মামলা মোকদ্দমায়ও দেখা গেছে যে, উচ্চ আদালতে সেসব আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে।’

পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনার রায়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে আইনমন্ত্রী বলেন, এখন মনে হচ্ছে তাদের আইন শেখাতে হবে। আমার মনে হয় তাদের সময় তারা এ ধরনের রায় লিখে দিতেন, সে অভিজ্ঞতা থেকে এসব বলছেন। আমি স্পষ্টভাবে বলতে পারি, বিচার বিভাগকে আমরা কোনোভাবেই চাপ দিই না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।’ গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত