প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাংসদ ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিক আদেশ জারি করেছে। তবে ওই আদেশে প্রতিমন্ত্রীর দপ্তর দেওয়া
হয়নি। শপথ নেওয়ার পর থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ পড়াবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এত দিন কোনো মন্ত্রী ছিল না। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ইন্দিরা নারী ও শিশু মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এই মন্ত্রণালয় এত দিন প্রধানমন্ত্রীর হাতে ছিল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি। পাঁচ মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে বদলি করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। একজনের পদোন্নতি ও একজনের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভায় এখন মন্ত্রীর সংখ্যা বেড়ে হলো ২৫। তবে প্রতিমন্ত্রীর সংখ্যা আগের মতোই ১৯ ও উপমন্ত্রীর সংখ্যা তিনজনেই থাকল।
