পাকিস্তানে গ্রেপ্তার লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৩:২৬ এএম

আন্তর্জাতিক মহলের চাপে শেষমেশ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে পাকিস্তান সরকার গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে চার দিন ধরে চালানো জঙ্গি হামলার জন্য লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও ভারত। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এমন দাবির প্রেক্ষিতে এতদিন ধরে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

গতকাল বুধবার পাকিস্তানের লাহোর শহর থেকে নিকটবর্তী গুজরানওয়ালা শহরে যাওয়ার সময় সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা রাস্তা থেকে তাকে আটক করে বলে সাঈদের পরিচালিত দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়ার (জেইউডি) এক মুখপাত্র জানিয়েছেন। পাঞ্জাবের সন্ত্রাসবিরোধী বিভাগও এমনটি জানিয়েছে বলে খবর ডনের। 

কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা পরিষ্কার না হলেও সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনো কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

গ্রেপ্তারের পর সাঈদকে বিচার বিভাগের হেফাজতে পাঠানো হয়েছে। পাকিস্তানে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। কিছু দিন আগে জাতিসংঘ পাকিস্তানকে জঙ্গি দমনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ও জঙ্গিদের অর্থের জোগান বন্ধে পদক্ষেপ নিতে চাপ দিয়েছিল, তার পরই পাকিস্তান সাঈদকে গ্রেপ্তার করেছে বলে আন্তর্জাতিক মহলের ধারণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত