নগরীর রামচন্দ্রপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ লাখ জাল রুপি ও তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও জাহাঙ্গীর
হোসেন। রুবেলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি গোদাগাড়ী ডিগ্রি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মোসাদ্দেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও জাহাঙ্গীরের বাড়ি নাটোরে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৫-এর ভারপ্রাপ্ত অধিনায়ক সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, জালনোটের কারখানার খবর পেয়ে রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকার নুর মিয়ার বাড়ি রাত ২টা থেকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। নিশ্চিত হওয়ার পর গতকাল দুপুরে র্যাবের একটি দল অভিযান চালায়। তল্লাশি করে ১০ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, রুবেল গত বছর চাঁপাইনবাবগঞ্জে ১ কোটি জাল রুপিসহ গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে দুই মাস আগে রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে আবার একই কাজ শুরু করেন। কোরবানির ঈদ সামনে রেখে তারা জাল রুপি তৈরি করছিলেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
