বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন করতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না মিয়ানমার সরকার। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, রোহিঙ্গাদের এলাকা সেই বিধ্বস্ত অবস্থায়ই আছে।
অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সরকার মুখে মুখে শুধু রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলছে। আসলে কাজের কাজ কিছু নেই।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
এএসপিআইর ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের অঙ্গীকার করলেও স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে তাদের বাড়িঘর পুনর্নির্মাণের কোনো আলামত পাওয়া যায়নি। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যায়, এখনো রাখাইনের কিছু কিছু এলাকায় আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রয়েছে।
এএসপিআইর ইন্টারন্যাশনাল সাইবার পলিসি সেন্টারের গবেষক নাথান রুসার এক বিবৃতিতে বলেন, ‘স্যাটেলাইট থেকে পাওয়া ২০১৮ ও ২০১৯ সালের ছবিগুলো বিশ্লেষণ করে আবাসিক এলাকায় অব্যাহত ধ্বংসযজ্ঞের আলামত পরিষ্কারভাবে শনাক্ত করা যাচ্ছে। এর ফলে রোহিঙ্গাদের নিরাপদ এবং সম্মানের সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার বিষয়ে মিয়ানমার সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।’
