প্রতিদিনই দেশে বাড়ছে ডেঙ্গুজ¦রে আক্রান্তের সংখ্যা। আগের বছরগুলোতে ঢাকা বা চট্টগ্রামে সীমাবদ্ধ থাকলেও এ বছর সারা দেশেই ছড়িয়ে পড়েছে। চলতি বছরের প্রথম দিন থেকে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজধানী ঢাকায় সিটি করপোরেশন এলাকায় ১৬ হাজার ৪৯ এবং বাকি ৩ হাজার ৪৬৪ জনই দেশের অন্যান্য জেলায়। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত একমাত্র রাজশাহী ছাড়া দেশের ৬৩ জেলায় শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগী। ওইদিন সারা দেশে নতুন করে রেকর্ড ১ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে তিন হেমোরেজিক ডেঙ্গু রোগীসহ ঢাকা শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৭ জন। বাকি ৫৬৫ জনের মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৩, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৭, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৮, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৪ ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, গেল এক সপ্তাহেই সারা দেশে ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত ২৬ জুলাই পর্যন্ত চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২৫৬ জন। তবে ঢাকার বাইরে সেই সংখ্যা ছিল মাত্র ১৬ জন। অথচ সপ্তাহ ব্যবধানে গতকাল পর্যন্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৭ জন বা ২১৬ গুণ। এদিকে সপ্তাহ ব্যবধানে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্য হু হু করে বাড়লেও জেলা পর্যায়ের বেশিরভাগ হাসপাতালেই নেই এই রোগের পরীক্ষা ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের তথ্য ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে মারা গেছেন শারমীন (২২) নামে এক তরুণী। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে শারমীন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, গত ২৮ জুলাই রবিবার শারমীন টেকেরহাটে নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান তিনি। কামদা প্রসাদ সাহা জানান, হাসপাতালটিতে গতকাল দুপুর পর্যন্ত মোট ৬৫ জন চিকিৎসাধীন ছিলেন।
রাজধানী শহর ছাড়া ঢাকা বিভাগে চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত ৯১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরের জেলায় ২২৮ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। গাজীপুরে ৭, গোপালগঞ্জে ২৮, মাদারীপুরে ৩৯, মানিকগঞ্জ জেলায় ৭০, নরসিংদীতে ৪৫, রাজবাড়ীতে ৪৬, শরীয়তপুরে ২১, টাঙ্গাইলে ৭৪, মুন্সীগঞ্জে ৩১, কিশোরগঞ্জে ১৩৬, নারায়ণগঞ্জে ৫২ ও ফরিদপুরে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগে এ বছর এখন পর্যন্ত ৭০৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত জানুয়ারি মাসের প্রথম দিন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভাগের ফেনী জেলায় ৯৫, কুমিল্লায় ৭০, চাঁদপুরে ১১৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৩২, লক্ষ্মীপুরে ৪২, নোয়াখালীতে ৫৩, কক্সবাজারের ২৭, খাগড়াছড়িতে ১২ ও রাঙ্গামাটিতে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বান্দরবানেও একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ না থাকলেও ঢাকাসহ বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আসছেন ডেঙ্গু রোগীরা। গত কয়েক দিনে হাসপাতালে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। রাজশাহী বিভাগের বগুড়া জেলায় ১৫২, পাবনা জেলায় ৫০, সিরাজগঞ্জ জেলায় ৫৭, নওগাঁতে ১৫, চাঁপাইনবাবগঞ্জে ২০, নাটোরে ৭ ও জয়পুরহাটে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগে এখন পর্যন্ত ৫১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ১২১, কুষ্টিয়ায় ৮৬, মাগুরায় ১৩, নড়াইলে ১১, যশোরে ১১৫, ঝিনাইদহে ৩৫, বাগেরহাটে ৮, সাতক্ষীরায় ২৩, চুয়াডাঙ্গায় ১৩ ও মেহেরেপুরে ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮২ জন।
বরিশালে বিভাগে গতকাল পর্যন্ত মোট ২৪৫ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল জেলায় ১৮, পটুয়াখালীতে ৩১, ভোলায় ১৬, পিরোজপুরে ১০, বরগুনায় ৩০ ও ঝালকাটিতে ৬ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগটির ১৩৪ জন রোগী চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।
সিলেট বিভাগে ১৬৬ জন আক্রান্ত হয়েছে মশাবাহিত এই রোগে। বিভাগের সিলেট জেলায় ৪৩, সুনামগঞ্জ জেলায় ৯, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২৬ জন আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে অধিদপ্তর। এছাড়া বিভাগের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।
রংপুর বিভাগে গতকাল পর্যন্ত ৩৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভাগটির রংপুর জেলায় ১৯, লালমনিরহাটে ৪, কুড়িগ্রামে ১৭, গাইবান্ধায় ৭, নীলফামারীতে ৯, দিনাজপুরে ৪৩, পঞ্চগড়ে ২ ও ঠাকুরগাঁও জেলায় ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগটির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন রোগী ভর্তি হয়েছে।
ময়মনসিংহ বিভাগে ৩১৮ জনের ডেঙ্গু হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগের ময়মনসিংহ জেলায় ১, নেত্রকোনায় ৮, জামালপুরে ৬৪ ও শেরপুরে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ২৩৭ জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
