মন্ত্রী থাকলে ১০ ঘণ্টায় এডিসের ওষুধ আনতাম : অলি

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০২:৫৬ এএম

সারা দেশে ডেঙ্গুজ¦র ছড়িয়ে পড়ায় সরকারের সমালোচনা করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ও জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ দাবি করেছেন, তিনি মন্ত্রী থাকলে এই জ¦রের বাহক এডিস মশা দমনের ওষুধ নিয়ে আসতেন ১০ ঘণ্টার মধ্যে।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এলডিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। অলি আহমদ এ সময় ‘দেশের সামগ্রিক অস্থির পরিস্থিতি ও বিশৃঙ্খলার’ প্রতিবাদে আগামী ৬ আগস্ট জাতীয় মুক্তি মঞ্চের পক্ষ থেকে ঢাকায় সেমিনার করার কথা জানিয়ে বলেন, সেখানে বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অলি আহমদ বলেন, আমি মন্ত্রী থাকলে ১০ ঘণ্টার মধ্যে বিমানে করে এডিস মশা দমনের ওষুধ নিয়ে আসতাম। ১০ ঘণ্টার মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসত। তিনি বলেন, দেশে যখন ডেঙ্গুর মহামারী চলছে তখন স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়া গেছেন। সমালোচনার মুখে ফেরত এসেছেন। প্রধানমন্ত্রী গত ২০ দিন দেশে নেই। কেন নেই, লন্ডনে তিনি কী করছেনÑ এ বিষয়ে দেশের মানুষ অবহিত নয়। তিনি আরও বলেন, দেশ থেকে প্রতিদিন অনেক বিমান ছেড়ে যায়। আবার বিদেশ থেকে অনেক বিমান আসে। সরকার ইচ্ছা করলে বিমানে অতি দ্রুত এডিস মশার ওষুধ আনতে পারত।

ঢাকার দুই মেয়র ও আওয়ামী লীগের নেতাদের ‘মুখ বন্ধ রাখতে’ ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে নির্দেশ দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ জানিয়ে অলি আহমদ বলেন, আসলে ওবায়দুল কাদের ডেঙ্গুর মহামারীর বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। বুঝতে পেরেছেন দেশে ডেঙ্গুর সাইক্লোন বয়ে যাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দাবি করে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে খালেদা জিয়াকে যে সম্মান করেছিল, নিজ দেশের সরকার তাকে সেই সম্মান করছে না। উল্টো কারাগারে বন্দি রেখেছে। অলি আহমদ বলেন, যারা নিজেদের জাতির পিতার সন্তান দাবি করেন, তাদের কাছে মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানদের কোনো সম্মান নেই। বয়স ও দেশের প্রতি তার অবদান বিবেচনায় রেখে চিকিৎসার জন্য অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এনডিপির সভাপতি কারী আবু তাহের, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কল্যাণ পার্টির সিনিয়র সহ-সভাপতি সাহিদুর রহমান তামান্না, বিএনপি নেতা মেজর (অব.) সারোয়ার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত