যুগ্ম সচিবের অপেক্ষায় ছাড়তে বিলম্বের কারণে ফেরিতে স্কুলছাত্র তিতাস ঘোষের (১৩) মৃত্যুর অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটি জেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট পরিদর্শন করেছে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যও গ্রহণ করেছে তারা। গতকাল রবিবার দুপুরে কাঁঠালবাড়ী ১নং ফেরিঘাট আসেন কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সাত্তার শেখ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহম্মেদ।
গত ২৫ জুলাই রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাটে সরকারের এটুআই প্রকল্পের কর্মকর্তা যুগ্ম সচিব আবদুস সবুরের জন্য ফেরি ছাড়তে বিলম্বের কারণে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নড়াইলের স্কুলছাত্র তিতাসের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি করেছে সরকারের বিভিন্ন দপ্তর।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি প্রথমে কাঁঠালবাড়ী ১নং ফেরিঘাট এলাকা ঘুরে দেখে। পরে ঘাট এলাকার বিভিন্ন দোকানি, ওই রাতে ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনেন কমিটির সদস্যরা। এ ছাড়া টেলিভিশন ও পত্রিকায় কর্মরত স্থানীয় সংবাদকর্মীদেরও বক্তব্য শোনেন তারা। এর আগে নড়াইলে তিতাসের স্বজনদের কাছে গিয়ে বক্তব্য নেয় তদন্ত কমিটি।
