‘মৃত্যু দিয়ে যে প্রাণের/মূল্য দিতে হয়/সে প্রাণ অমৃতলোকে/মৃত্যুকে করে জয়।’ আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস। বঙ্গাব্দ ১৩৪৮ সনের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বর্ষণমুখর দিনে মৃত্যুবরণ করেন তিনি। বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী রবি ঠাকুর।
দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি আজ বিকেলে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এতে বক্তব্য দেবেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও বেতারেও সম্প্রচার করা হবে নানা অনুষ্ঠান।
সাহিত্যকর্মের পাশাপাশি সমাজসংস্কার, শিক্ষাবিস্তার, কৃষি উন্নয়নসহ বিভিন্ন কর্মে নিজেকে জীবনব্যাপী সক্রিয় রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি। ১৯১৩ সালে প্রথম বাঙালি হিসেবে তিনি লাভ করেন নোবেল পুরস্কার।
