নরসিংদীতে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত চার

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৩:২৫ এএম

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারার চর এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন নোয়াখালীর আবু হানিফের ছেলে ইমরান হোসেন (৩০) ও তার স্ত্রী বগুড়ার মোশাররফ হোসেনের মেয়ে সাদিয়া আক্তার (২৪), রাজধানীর খিলগাঁও এলাকার মৃত রফিকুল ইসলামের মেয়ে জান্নাত (২৫) ও উত্তর গোড়ান এলাকার রেজাউল হকের ছেলে আকিবুল হাসান (২৭)। সাদিয়া, জান্নাত ও আকিব মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন।

ঈদুল আজহার দিন থেকে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। গতকাল ও তার আগের রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ১১ জন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭১ জন। এ নিয়ে গত ছয় দিনে সড়কে প্রাণ হারাল ৬৭ জন।

গতকাল সকালে গোপালগঞ্জে বাসচাপায় আমিন শেখ (১১) নামে এক শিশু নিহত হয়। শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী, সকালে মাগুরার শ্রীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী, দুপুরে সাভারে বাসচাপায় আরেক মোটরসাইকেল আরোহী, সকালে নেত্রকোনার বারহাট্টায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক, আগের রাতে রংপুরের হাজিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন এবং একই রাতে ময়মনসিংহে ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হন। বিস্তারিত ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

শিবপুরে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত চার : হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিয়ের পর সাদিয়া ও ইমরান হানিমুনে সিলেট যান। হানিমুন ও মাজার জিয়ারত শেষে বন্ধুদের সঙ্গে প্রাইভেট কারযোগে তারা ঢাকায় ফিরছিলেন। শিবপুরের কারার চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই সাদিয়া ও ইমরানসহ তিনজন মারা যান। আহত বাস ও প্রাইভেট কারের পাঁচ যাত্রীকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরেকজন।

ইটাখোলা হাইওয়ের উপপুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’ নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা প্রাইভেট কারে তিনজনকে আটকা পড়া অবস্থায় পাই। উদ্ধারের পরই তারা মারা যান।’

রংপুরে বাস খাদে, নিহত এক : নগরীর হাজিরহাটের মন্থনা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৩৫ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কান্তি পরিবহনের ওই বাসটি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০টার দিকে হঠাৎ চলন্ত বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। আহতদের অভিযোগ, চালক ঘুমন্ত অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন।

নেত্রকোনায় মোটরসাইকেল আরোহী নিহত : বারহাট্টার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে একজন নিহত হন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালাতেন।  বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান জানান, সকাল ১০টার দিকে সাইফুল অতীতপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বারহাট্টায় যাচ্ছিলেন। অতীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এলে বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফুল গুরুতর আহত হন। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ : মাগুরার শ্রীপুরের বরিষাট এলাকায় গতকাল সকাল ৭টার দিকে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিয়াউর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় শামসুজ্জামান (৫৫) নামে এক আরোহী আহত হন। তারা রাজবাড়ীর পাংশা উপজেলার কালুখালী গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জে বাসচাপায় শিশু নিহত : সকালে শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় আমিন শেখ নামে এক শিশু নিহত হয়। আমিন নড়াইলের নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের আলামিন শেখের ছেলে। সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে গ্যারেজের কাজে যোগ দিতে বাড়ি থেকে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আসে আমিন। বাস্তা পার হতে গেলে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহে ট্রাকচাপায় কনস্টেবল নিহত : সদর উপজেলায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কনস্টেবল রবি চৌধুরী (৪০) নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রবি নেত্রকোনার মোহনগাঞ্জ উপজেলার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, উপজেলার শম্ভুগঞ্জ ঝাউগড়া মোড়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রবি বাঁশবোঝাই একটি ট্রাককে দাঁড়াতে বললে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা চালক শাহজাহানকে আটক করে পুলিশে দেয়। পরে তারা রবিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত : নগরীর চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় ট্রাকের ধাক্কায় শনিবার লোকমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হন। তিনি চান্দগাঁও এলাকার আইয়ুব মিয়ার ছেলে এবং রেয়াজুদ্দীন বাজার ব্যবসায়ী ও তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভারে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০ :  শনিবার দুপুরে সাভারের জিরানী বাজার এলাকায় বাসচাপায় আলমগীর হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এদিন বিকেলে আমিন বাজার এলাকায় বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহতের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকার আর কে টেক্সটাইলের সামনে বাসচাপায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকার মুসলিম উদ্দিন বেপারির ছেলে আলমগীর নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই হযরত আলী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করে। এদিকে বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার চাঁনপুর এলাকায় একটি বাস উল্টে খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে সাভার ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত