গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পটুয়াখালী, নেত্রকোনা, ফরিদপুর, খুলনা ও কিশোরগঞ্জে ৫ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মসজিদের খাদেমের মৃত্যু হয়। খুলনা মেডিকেলে মৃত্যু হয় মিজানুর রহমান নামে এক সবজি বিক্রেতার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান কিশোরগঞ্জের এক যুবক। এছাড়া, ডেঙ্গুতে পটুয়াখালীর দুমকিতে সুমাইয়া আক্তার ও নেত্রকোনার কেন্দুয়া আনোয়ার হোসেন মারা গেছেন।
বিস্তারিত প্রতিনিধিদের খবর-
দুমকি (পটুয়াখালী): সোমবার দুপুর ১টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর দুমকি উপজেলার সুমাইয়া আক্তার (১৭) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
পারিবারিক সূত্রে জানাযায়, দুমকি সরকারি জনতা কলেজ থেকে এ বছর এইচএসসি উত্তীর্ণ হয়ে সুমাইয়া রাজধানী ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোচিং করছিল। ঈদ-উল আজহার ছুটিতে সে দুমকিতে বাসায় এসে জ্বরে আক্রান্ত হয়। গত মঙ্গলবার উপজেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় ডেঙ্গু শনাক্তের পর সুমাইয়াকে ওই দিনই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সুমাইয়া দুমকি সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মো: ফজলুল হকের কন্যা। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায়।
নেত্রকোনা: কেন্দুয়া উপজেলার আনোয়ার হোসেন (৫৫) সোমবার ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ঢাকার রামপুরা বনশ্রীতে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকার কর্মস্থলে থাকা অবস্থায় গায়ে জ্বর অনুভূত হলে গত ৮ আগস্ট ছুটি নিয়ে ঢাকা থেকে তিনি বাড়ি আসেন। পরে ঈদের আগের দিন ১১ আগস্ট জ্বরের তীব্রতা বেড়ে গেলে প্রথমেই ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। সেখান থেকে ময়মনসিংহে প্রেরণ করলে ডেঙ্গু শনাক্ত হয়।
ফরিদপুর: সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেলে মারা যাওয়া ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)।ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীচর এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে তিনি। দেলোয়ার শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, দেলোয়ার শেখ গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
সোমবার সাড়ে ১০টার দিকে হাসপাতালে মারা যান তিনি।
নিহতের বাবা শফিউদ্দিন শেখ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে দেলোয়ারকে ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করি, সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭ জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৩৪৬ জন রোগী।
খুলনা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় ওই রোগীর মৃত্যু হয়।
মিজানুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। ৪দিন আগে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, মিজানুর আজ সকালে মারা গেছেন। চলতি মাসের ১৫ আগস্ট তিনি অসুস্থ অবস্থায় খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
খুলনার সিভিল সার্জন ডা. এস এম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় আজ সোমবার পর্যন্ত ৫৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৯ জন। তার মধ্যে ২০জন আজ সোমবার ভর্তি হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনায় একজন বৃদ্ধাসহ ৫জনের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে রাসেল নামের ওই যুবকের মৃত্যু হয়।
রাসেল মিয়া (৩২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার বলেন, রাসেল বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুরে তার অবস্থা অবনতি হওয়ায় ওই সময় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে।
