স্কয়ারে ভুল চিকিৎসা

রোগীকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০২:০৭ এএম

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করা ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শামীমকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি শামীমকে কেন বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। পঙ্গু শামীমের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারিসহ আদেশ দেয়। 

চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি, স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. কৃষ্ণা প্রভু ও হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে স্কয়ার হাসপাতালে শামীমের অস্ত্রোপচারের সময় তথ্য ও চিকিৎসার সব নথি আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, রিপন কুমার বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক। গত ১৪ জুলাই শামীমের পক্ষে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আবেদনে এ-সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করেন তিনি।

১৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শামীম অভিযোগ করেন, শারীরিক সমস্যা নিয়ে ২০১৮ সালের ১৪ অক্টোবর তিনি স্কয়ার হাসপাতালে ডা. কৃষ্ণা প্রভুর কাছে গেলে ওই চিকিৎসক তাকে জানান, তার মস্তিষ্কের রক্তনালিতে টিউমার বা ইনসুলার ক্যাভারনোমা হয়েছে। দ্রুত অস্ত্রোপচার করতে হবে। ডা. কৃষ্ণা প্রভু নিজেকে সিএমসি ভেলরের সিনিয়র কনসালট্যান্ট পরিচয় দিয়ে সহজেই অস্ত্রোপচার করবেন বলে জানান।

কিন্তু সম্ভ্যাব্য ঝুঁকি সম্পর্কে অবগত না করেই গত ২৩ জানুয়ারি স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচার হয় বলে জানান শামীম। ২৫ জানুয়ারি শরীরের বাঁ পাশ  কাজ করছে না (প্যারালাইজড) বলে বুঝতে পারেন শামীম এবং তখন থেকেই শারীরিকভাবে অনেকটা চলচ্ছক্তিহীন হয়ে পড়েন তিনি। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য অস্ত্রোপচারের সিডি চাইলে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে টালবাহানা করে। এরপর শামীম অন্য চিকিৎসকের কাছে গেলে তারা জানান, অস্ত্রোপচারের সময় তার মস্তিষ্কের কয়েকটি নার্ভ কাটা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত