বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০১:৩০ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন চাকমা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য। দেড় বছর আগে সন্ত্রাসী হামলায় নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলারও আসামি ছিলেন তিনি। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে বাঘাইছড়ির সাজেক

থানাধীন সীমানাছড়া এলাকার উজোবাজারে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহলদল ওই এলাকায় যায়। তখন সন্ত্রাসীরা

সেনাবাহিনীর গাড়ি লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় সেনাসদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়, পরে সেখানে সুমন চাকমা ওরফে কসাই সুমন নামে এক সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।’

এই বিষয়ে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানিয়েছেন, নিহত সুমন আমাদের সাবেক কর্মী। তাকে বিনা কারণে, বিনা উসকানিতে গুলি করে হত্যা করা হয়েছে। সে যদি কোনো অপরাধ করে থাকে, তবে তার ন্যায়বিচার হবে, কিন্তু এইভাবে হত্যা করার কোনো অধিকার কারও নেই।’

এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানান সাজেক থানার ওসি নুরুল আনোয়ার।

এর আগে গত ১৮ আগস্ট রাঙ্গামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনা টহলে সশস্ত্র হামলায় এক সেনাসদস্য নিহত এবং দুজন আহত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত