নীলফামারীর কিশোরগঞ্জে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে তৃতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের আতদড়িয়া বিলে এ ঘটনা ঘট।
মৃত শিশুরা হলেন- বড়ভিটা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রাণী রায় (১০) ও একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনিষা রাণী রায় (৯)।
দু’জনেই বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান জানান, বিদ্যালয় ছুটি থাকায় শ্যামলী ও মনিষা দুই বান্ধবী সকাল ১১টার দিকে আতদড়িয়া বিলে শাপলা তুলতে গিয়ে বিলের গভীর পানিতে তলিয়ে যায়।
স্থানীয় লোকজন দেখে তাদের পানি থেকে উদ্ধার করে জলঢাকা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
