ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা এক মামলায় খালাস পেয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল বুধবার দুপুরে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মাহবুবা
শারমীন এ মামলার রায় ঘোষণা করেন। এদিকে এ রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।
২০১৪ সালের ১৬ অক্টোবর সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার আদালতে মামলাটি করেছিলেন। মামলার আরজিতে বাদী বলেন, একই বছরের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী মহানবী (সা.), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন; যা ইসলাম ধর্মের অনুসারীদের জন্য চরম আঘাত। এ কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
বাদীপক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল দেশ রূপান্তরকে বলেন, ‘মামলাটি দায়েরের পর আদালত লতিফ সিদ্দিকীকে সশরীরে মাগুরার আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি হাজির হননি। সে কারণে আইনগত প্রক্রিয়ায় গত ৫ আগস্ট বাদীপক্ষের সাক্ষ্য সমাপ্ত করে ৭ আগস্ট যুক্তিতর্কের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকে। বুধবার মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আসামিকে খালাস প্রদানের মাধ্যমে রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা অসন্তুষ্ট। বাদী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’
