কাউন্সিলের বিষয়ে ছাত্রদলই সিদ্ধান্ত নেবে : ফখরুল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৩ এএম

আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের কার্যক্রম স্থগিত করেছে এজন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি। এ বিষয়ে ছাত্রদলই পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাউন্সিল স্থগিতের পর করণীয় নির্ধারণে গতকাল শুক্রবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পরে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া কাউন্সিলের বিষয়ে ছাত্রদলই তাদের সিদ্ধান্ত নেবে। আমাদের বিরুদ্ধে আদালত যে নোটিস দিয়েছে, যথাসময়ে সেটার জবাব আমরা দেব।’

চেয়ারপারসনের অনুপস্থিতিতে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে পারেন। সেভাবে প্রেস রিলিজ দেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদলের কাউন্সিল স্থগিতের আদেশটি হঠাৎ করেই এসেছে। সবার অগোচরেই এটা সবার সামনে এসেছে। বিষয়টি সত্যিই রহস্যজনক। এটাতে পরিষ্কার বুঝা যায় এতে সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এখন যে সরকার আছে তারা কী চায়? বাংলাদেশে গণতন্ত্রের ন্যূনতম পরিবেশ থাকুক সেটা তারা চায় না। অত্যন্ত দুঃখজনক তারা এটা করার জন্য ব্যবহার করছে আদালতকে। এটা কখনো গণতান্ত্রিক রাষ্ট্রে ভবিষ্যৎ রাজনীতির জন্য সুখকর হতে পারে না। যদি তারা মনে করে পৃথিবী যতদিন থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবেÑ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সরকার যে একটা কালচার তৈরি করেছে একটা রাষ্ট্রের জন্য এটা সত্যিই ভয়াবহ। আদালতকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করা যেটা খুবই ভয়াবহ। গত ১০ বছর ধরেই আদালতকে দিয়ে এ কাজ করছে। আদালতকে দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। পরে এই সরকার দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিল, যা অনেক আগেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন।’

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে স্কাইপির মাধ্যমে যুক্ত হন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে ছাত্রদলের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী দেশ রূপান্তরকে বলেন, ‘আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে আপাতত কাউন্সিলরদের মাঝে কাউন্সিলর কার্ড বিতরণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।’

এছাড়া কাউন্সিলের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি প্রার্থী ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, বিলুপ্ত কমিটির নেতা মো. আব্বাস আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত