ভিসা না পেয়ে ভিডিও কলে ভারতীয় অনুষ্ঠানে শহীদুল আলম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০ পিএম

বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের ভিসার আবেদনে সাড়া দেয়নি ভারত। এ কারণে দেশটিতে অনুষ্ঠিত এক শিল্প উৎসবের প্যানেল আলোচনায় অংশ নিলেন ভিডিও কলের মাধ্যমে।

শহীদুলের ভিসা আবেদনে সাড়া না দেওয়ার অভিযোগটি শুক্রবার প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার নয়া দিল্লিতে শুরু হওয়া দুই দিনের সেরানডিপিটি আর্টস ফেস্টিভ্যালে উপস্থিত থাকার কথা ছিল ২০১৮ সালের টাইম সাময়িকীর ‘পারসন অব দ্য ইয়ার’ খেতাব পাওয়া শহীদুলের।

আরও জানায়, ভিসার বিষয়ে যোগাযোগ করা হলে মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ওই দিন কূটনৈতিক সূত্র জানায়, শহীদুলের ভিসা আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বলা হয়, “এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

‘শিল্পকলায় রাজনৈতিক মাত্রা অনুশীলন’ শিরোনামের আলোচনা প্যানেলে অংশ নেওয়ার কথা ছিল শহীদুলের। যেখানে সোহিনী ঘোষের সঞ্চালনায় আরও দুজন আলোচক অংশ নেন।

পরে সেই আলোচনায় ভিডিও কলের মাধ্যমে অংশ নেন শহীদুল। এ খবর আয়োজকেরা উপস্থিত দর্শকদের আগেই জানিয়ে দেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন দ্য প্রিন্টকে বলেন, “আমাদের আগেই জানানো হয়েছে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারবেন না।”

পরে দ্য ওয়্যারের একটি সংবাদ ফেইসবুকে শেয়ার করে শহীদুল আলম ভিডিও কলের মাধ্যমে আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সেখানে জানা যায়, লন্ডনের হিথ্রো বিমানবন্দরের লাউঞ্জ থেকে স্কাইপে’র মাধ্যমে প্যানেল আলোচনায় অংশ নেন তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নও নেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত