শেরপুরে অপহৃত গৃহবধূ গাজীপুরে উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৪ এএম

শেরপুর থেকে অপহৃত এক গৃহবধূকে (২৮) গাজীপুরে উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার গৃহবধূর বাড়ি শেরপুর সদর উপজেলায়।

র‌্যাব-১-এর গাজীপুর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মির্জাপুর এলাকায় কতিপয় অপহরণকারী ওই গৃহবধূসহ মুক্তিপণের টাকা নেওয়ার জন্য অবস্থান করছে। র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গৃহবধূকে মির্জাপুর সেতুর ওপর রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে র‌্যাব তাকে উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, গত ৩০ আগস্ট বিকেলে শেরপুর থেকে অজ্ঞাতপরিচয় চার-পাঁচ ব্যক্তি ওই গৃহবধূকে অপহরণ করে মাইক্রোবাসে করে নিয়ে আসে। গত বুধবার অপহরণকারীরা গৃহবধূর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত