করপোরেট কর কমানোর ঘোষণায় চাঙ্গা ভারতের পুঁজিবাজার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৯ পিএম

করপোরেট করে ছাড়ের ঘোষণার পরই এক দশকের মধ্যে সর্বোচ্চ বেড়েছে ভারতের পুঁজিবাজারের সূচক। গত শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ১৯২১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৪ দশমিক ৬২ পয়েন্টে। এছাড়া ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচক ৫৬৯.৪০ পয়েন্ট বেড়ে ঠেকেছে ১১ হাজার ২৭৪ দশমিক ২০ পয়েন্টে, যা ২০০৯ সালের ১৮ মের পর সর্বোচ্চ।

ভারতের অর্থনীতি পুনরুদ্ধারে গত শুক্রবার সংবাদ সম্মেলন করে দেশি সংস্থাগুলোর জন্য করপোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ দশমিক ২ শতাংশ করার ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এছাড়া নতুন উৎপাদন শিল্পে বিনিয়োগের ক্ষেত্রেও ছাড়ের ঘোষণা দেন তিনি। কর ছাড়ের ঘোষণাতেই পুঁজিবাজারের এ ঊর্ধ্বগতি, বলছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীরা বলছেন, করছাড় প্রতিষ্ঠানগুলোর মুনাফা ও প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়, পুঁজিবাজারে সূচক বাড়লেও এখনো তা গত ৩ জুনের চেয়ে ৫-৭ শতাংশ কম। ওইদিন সেনসেক্স ও নিফটি সূচক বেড়েছিল যথাক্রমে ৫ দশমিক ৪ শতাংশ ও ৩ দশমিক ৭৯ শতাংশ। শুক্রবার টপ গেইনারের তালিকায় ছিল এইচআর মোটরস, আল্ট্রাটেক সিমেন্ট, মারুতি সুজুকি, টাটা মোটরস, টাটা স্টিলের মতো শেয়ার।

অ্যাক্সিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) অরুণ ঠাকরাল বলেন, সরকারের এ পদক্ষেপ করপোরেট প্রতিষ্ঠানগুলোর আয়, কর্মসংস্থানসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে। তবে এই পদক্ষেপগুলো বাজেট ঘাটতি বাড়িয়ে দিতে পারে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সরকারকে ব্যয় সংকোচনে গুরুত্ব দিতে হবে।

এইচডিএফসি সিকিউরিটিজের এমডি-সিইও ধীরাজ রেলি জানান,  ঘোষিত করপোরেট করছাড় উচ্চহারে করদাতা প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় ১০ শতাংশ বাড়িয়ে দেবে। তিনি আরও বলেন, এ পদক্ষেপে কর রাজস্বে ঘাটতি তৈরি হবে। এ ঘাটতি পূরণে সময় লাগবে। ধীরাজ রেলি বাজেট ঘাটতি নিয়ে সতর্ক করেন।

অর্থনীতি চাঙ্গা করতে এই অর্থবছরের শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে ২০১৯-২০ অর্থবছর দেশটিতে বাজেট ঘাটতি ৭০ বেসিস পয়েন্ট বেড়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ শতাংশে উন্নীত হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। অর্থমন্ত্রী বলেছেন, চলতি অর্থবছর ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন রুপি রাজস্ব হারাবে রাজস্ব বিভাগ। জুলাইয়ে ইউনিয়ন বাজেট উপস্থাপনের সময় তিনি বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করেছেন, যা ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থানের সময় ছিল ৩ দশমিক ৪ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত