খুলনায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা

মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে যুবলীগ-ছাত্রলীগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩ এএম

মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে খুলনা জেলা যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রম। দীর্ঘদিনেও নতুন কমিটি না হওয়ায় সংগঠনে দেখা দিয়েছে স্থবিরতা। জেলা আওয়ামী লীগে দ্বন্দ্বের কারণে কমিটি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

জেলা যুবলীগের নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০০৩ সালের ২৫ মে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে কামরুজ্জামান জামাল সভাপতি ও আকতারুজ্জামান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সালের ১৭ জানুয়ারি জেলা যুবলীগের ৭১ সদস্যের তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর আর সম্মেলন হয়নি।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ২০১৭ সালের ২৯ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনে পারভেজ হাওলাদারকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের ২৩০ সদস্যের এক বছর মেয়াদি কমিটির অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে জেলা কমিটির সঙ্গে কেন্দ্রীয় কমিটির জটিলতা সৃষ্টি হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আমরা উপজেলার কমিটি করার কাজ শুরু করেছিলাম। প্রথমে কয়রা উপজেলায় একটি আহ্বায়ক কমিটিও করেছিলাম। কিন্তু কেন্দ্রের সঙ্গে একটু সমস্যা হওয়ায় আপাতত উপজেলা কমিটির কাজ বন্ধ রয়েছে। কিছু দিনের মধ্যেই নয় উপজেলা ও ১৪টি কলেজ এবং ২টি পৌরসভার সম্মেলন করা হবে। তারপর জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে কথা বলে জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।’

জেলা যুবলীগের সহশিক্ষা সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রাজু বলেন, ‘দলে কোনো শৃঙ্খলা নেই, সবাই আখের গোছাতে ব্যস্ত। সাংগঠনিক কোনো কর্মকা- নেই। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় ‘বিদ্রোহী’ প্রার্থীর লোকজনের কাছে মার খেতে হয়েছে। পালিয়ে থাকতে হয়েছে অনেক দিন। সে কারণে অনেকে ভয়ে দলীয় কার্যক্রমে আসতে চায় না। বিভিন্ন দিবস এলেই কিছু কর্মকা- দেখা যায়। একাধিকবার জেলা নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। হতাশ হয়ে অনেকে জেলা আওয়ামী লীগে চলে গেছে। অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছে।’

জেলা আ.লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল বলেন, যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনে জেলা যুবলীগের সম্মেলন হবে। তবে সম্মেলনের দিন এখনো ঠিক হয়নি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, ‘কার্যত জেলায় যুবলীগ ও ছাত্রলীগের কোনো কমিটি নেই। এ বিষয়ে একাধিকবার জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি। কমিটি করে দেওয়ার জন্য বলেছি। কিন্তু আজও হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত