স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস এলোকেশন কারিগরি শিক্ষা বোর্ড মানছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিধান ভঙ্গ করে কারিগরি বোর্ড বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে।’
গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে
সংবাদ সম্মেলনে ইসমত আরা এসব কথা বলেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ড ভিন্ন ভিন্ন কোর্স, নাম, শিক্ষাগত যোগ্যতা, কারিকুলাম, বিভাগ, নীতিমালা ও মেয়াদে কোর্স পরিচালনা করছে। আমরা প্রতিবাদ জানালেও কর্ণপাত করেনি। সব ক্ষেত্রে ভিন্নতা থাকার পরও অর্ধশিক্ষিত জনবলকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির মতো প্রশিক্ষিতদের সমমর্যাদায় নিবন্ধন দেওয়া অযৌক্তিক। অবিলম্বে কারিগরি বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ইসমত আরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনএ মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট সভাপতি লিজা আক্তার প্রমুখ।
