ভারতের সঙ্গে অবৈধ চুক্তির হেডলাইন ঢাকতে ক্যাসিনো নাটক সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘ক্যাসিনোর পুরনো নাটক আজকেই সামনে আনলেন? চুক্তির
হেডলাইন ঢাকতে মিডিয়াকে দিলেন নতুন হেডলাইন? জনগণ এখন সব বোঝে।’ গতকাল রবিবার ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের স্বার্থরক্ষা হয়নি। ভারতের অনেক পাওয়ার বিপরীতে বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য এসেছে মাত্র একটি ঠাকুর শান্তি পুরস্কার।’
শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। তিনটি যৌথ প্রকল্প উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ওইসব চুক্তি ভারতের পক্ষে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
গতকাল এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, ‘দুতরফা বৈঠকে একতরফা চুক্তি, তরল গ্যাস, চট্টগ্রাম ও মোংলা বন্দর, ফেনী নদীর পানিও যাবে ভারতের ত্রিপুরার সাব্রম শহরে। কথা ছিল মৃতপ্রায় তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে আসবেন, উল্টো পানি দিয়ে এলেন।
গণদল চেয়ারম্যানের বিবৃতি : জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, ফেনী নদীর পানি প্রত্যাহারে ভারতের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে ফেনী, মিরসরাই, নোয়াখালী ও কুমিল্লাকে মরুভ‚মিতে পরিণত করা হবে। তিনি বলেন, এমনিতে ভারত দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনী নদীর পানি তুলে নেয়। আর এখন ভোটারবিহীন নির্বাচনের অবৈধ সরকার জনগণের ম্যান্ডেট না নিয়ে ভারতকে পানি প্রত্যাহারের ক্ষমতা দিয়ে রাষ্ট্রবিরোধী চুক্তি সম্পন্ন করেছে।
