রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে বেড়েছে দুর্নীতি। সম্প্রতি দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। সব দুর্নীতিবাজকে আইনের মুখোমুখি করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা
সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নীলগঞ্জ থেকে তাড়াইল পর্যন্ত নরসুন্দা নদী খনন, রাজি থেকে কলমা পর্যন্ত রাস্তা নির্মাণ, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ ও তাড়াইল গার্লস স্কুলকে সরকারিকরণের আশ্বাস দেন রাষ্ট্রপতি।
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মো. আফজাল হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মোতাহার।
এর আগে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতি রক্ষায় ‘স্বাধীনতা ৭১ ভাস্কর্য’-এর শুভ উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
