সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অপারেশন-পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে এবং তার হৃদযন্ত্রের কার্যক্ষমতা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করে বলেন, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।
এ সময় কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানসহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীনকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
