মাদকদ্রব্য চোরাচালান বন্ধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ঐকমত্য পোষণ করেছে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একই সঙ্গে মাদক ও মানি লন্ডারিংয়ের কারণে ভারতে গ্রেপ্তার বাংলাদেশিদের হস্তান্তরের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ভারত। গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ও ভারতের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নোডাল এজেন্সির মহাপরিচালক পর্যায়ে দু’দিনব্যাপী ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে জানানো হয়, দুই দেশ মাদক চোরাচালানের রুটসমূহের তালিকা বিনিময় করেছে।
বৈঠকে ভারতের পক্ষে ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহাপরিচালক রাকেশ আস্থানা। বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দিন আহমেদ।
