২০১৮ বিশ্বকাপ কিছুটা রং হারিয়েছিল ইতালি না থাকায়। বাছাইপর্বই পেরোতে পারেনি তারা। তবে আসছে ইউরোতে ইতালি থাকছে তা নিশ্চিত হয়ে গেল শনিবার রাতে। জিতলেই নিশ্চিত মূলপর্ব এমন সমীকরণে গ্রিসের বিপক্ষে খেলতে নেমে ঘরের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়েছে তারা। সাত ম্যাচের সবগুলো জিতে বেলজিয়ামের পর দ্বিতীয় দল হিসেবে ইউরো নিশ্চিত করল আজ্জুরিরা। তবে স্পেনের অপেক্ষা বাড়িয়েছে নরওয়ে ১-১ গোলে রুখে দিয়ে। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সুইডেন, রোমানিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও ডেনমার্ক।
ঘরের মাঠে ইতালি চিরচেনা নীল জার্সিতে খেলেনি এদিন। পড়েছিল সবুজ জার্সি। ইতিহাসে দ্বিতীয়বার এমন জার্সি পরে মাঠে নামল তারা। ১৯৫৪ সালে, প্রথমবার এই রঙের জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়েছিল (২-০) তারা। এবারের জার্সির রং ছিল কিছুটা পান্না সবুজ রঙের। জার্সির রং পাল্টালেও জয়ের ধারা ঠিকই ধরে রেখেছে রবের্তো মানচিনির দল। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬২ মিনিটে বক্সের ভেতর হ্যান্ডবল করেন গ্রিসের বোচালাকিস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি চেলসিতে খেলা জর্জিনহো। মূল নাম জর্জ লুইজ ফ্রেল্লো ফিলহো। ব্রাজিলে জন্ম নেয়া এই যুবা ১৫ বছর বয়সে ইতালিতে পাড়ি জমান। তবে তার প্রোপিতামহ ইতালি থেকেই ব্রাজিলে গিয়েছিলেন।
ইতালির দ্বিতীয় গোল করেন ফেদিকো বেনারদেসি, ৭৮ মিনিটে।
গ্রুপের অপর ম্যাচে নিজেদের মাঠে বসনিয়া-হার্জেগোভিনা ৪-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা। ফিনল্যান্ড ১২ পয়েন্টে দ্বিতীয়তে।
‘এফ’ গ্রুপের ম্যাচে অসলোতে নরওয়ে ১-১ গোলে রুখে দেয় স্পেনকে। এই ম্যাচ জিতলে স্পেনেরও নিশ্চিত হয়ে যেত মূলপর্ব। কিন্তু ইনজুরি সময়ে পেনাল্টিতে সমতা ফেরায় নরওয়ে। ৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লা রোজারা। ইউরো বাছাইয়ে টানা ১৪ ম্যাচ পর হারল স্পেন। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৪৭ মিনিটে স্পেনকে এগিয়ে দেন সাউল। ১ গোলে এগিয়ে থেকে শেষ দিকে রক্ষণাত্মক খেলে স্পেন। ইনজুরি সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে ফাউল করে বসেন স্পেনের গোলরক্ষক আরিজাবালাগা। পেনাল্টি থেকে গোল করেন জশুয়া কিং। স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৬৮) খেলার রেকর্ড এখন সার্জিও রামোসের। ম্যাচ শেষে রামোস বলেন, এটা আমাদের জন্য লজ্জাজনক যে আমরা ম্যাচটি জিততে পারিনি। কিন্তু এমন দলের সঙ্গে খেলাটা সত্যিই কঠিন যারা জানে, হারলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে।’ গ্রুপের অপর ম্যাচে সুইডেন ৪-০ গোলে হারিয়েছে মাল্টাকে। আর রোমানিয়া ৩-০ গোলের জয় পেয়েছে ফারো আইসল্যান্ডসের বিপক্ষে।
